ক্লাব কাপ হকির সেমিফাইনালে উষা ও মেরিনার

শুরু হয়েছে ‘মার্সেল ক্লাব কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে উষা ক্রীড়াচক্র ও মেরিনার্স ইয়াং। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয় এজাক্স ও সাধারণ বীমা। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ও উষা ক্রীড়া চক্র।
 
দুটি ম্যাচই ২-২ গোলের ব্যবধানে ড্র হয়েছে। তবে ড্র হলেও উষা ক্রীড়া চক্র ও মেরিনার ইয়াংস ক্লাব সেমিফাইনালে উঠেছে।
 
গোল ব্যবধানে এগিয়ে থাকায় উষা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমির টিকিট পেয়েছে। আর মেরিনার গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ রানার আপ হয়ে সেমিতে উঠেছে।
 
প্রথম ম্যাচে এজাক্স ২-২ গোলে সাধারণ বীমার সঙ্গে ড্র করে। এজাক্সের পক্ষে মীর মাহবুব আলী ও খালেদ মাহমুদ রাকিন একটি করে গোল করেন। সাধারণ বীমার হয়ে  আফসার উদ্দিন ও শামীম ১টি করে গোল শোধ দেন। ফলে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।
 
দ্বিতীয় খেলায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ২-২ গোলে উষা ক্রীড়া চক্রের সঙ্গে ড্র করে। মেরিনারের পক্ষে মো. আরশাদ হোসেন ও কৌশিক ১টি করে গোল করেন। আর উষার পক্ষে হাসান যুবায়ের নিলয় ও জুলহাইরি বিন হাশিম গোল করেন।
IMG0
টুর্নামেন্টে ৯টি দল অংশ নিয়েছে। ৯টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। দুটি গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে। আর সেমিফাইনালের বিজয়ী দুটি দল ৯ মে শিরোপা নির্ধারণী ফাইনালে অংশ নিবে।
 
মার্সেল ক্লাব কাপ হকির চ্যাম্পিয়ন দল ৭০ হাজার টাকা প্রাইজমানি পাবে। আর রানারআপ দল পাবে ৩৫ হাজার টাকা। এ ছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে মার্সেল এর পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।