তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

 
রাজশাহী ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, দিনাজপুর ও সৈয়দপুর অঞ্চলসহ বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
 
এছাড়া, রংপুরে সর্বোচ্চ ৩৫ এবং সর্বনিম্ন ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
 
 
শনিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়। এতে বলা হয়, ঢাকা ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
 
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
 
উল্লেখ্য, ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮৭ শতাংশ এবং বাতাসের গতি ঘন্টায় ১০-১৫ কি.মি দক্ষিণ-পশ্চিম দিক থেকে বইছে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ২৪ মিনিটে।