মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত হ্যাকাররা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের কয়েক হাজার বাসিন্দার হিট লিস্ট ইন্টারনেটে প্রকাশ করেছে। আইএস তাদের অনুসারীদের হিট লিস্টের লোকদের ওপর হামলা চালানোর আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো ও নিউ ইয়র্ক সিটি পুলিশ তালিকায় নাম থাকা ওই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে পোস্টটির বিষয়ে তাদের জানিয়েছেন। ওই সূত্র জানিয়েছে, তবে এ বিষয়ে বিশ্বাসযোগ্য কোনো হুমকি আছে বলে মনে করছে না দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলো।
এক বিবৃতিতে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বলেছে, 'তদন্তাধীন বিষয়ে কোনো মন্তব্য না করা আমাদের দৃষ্টান্ত হলেও, এফবিআই একটি তদন্ত চলাকালে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন ব্যক্তিকে ও সংস্থাকে নিয়মিত সতর্ক করছে, কারণ এগুলো হুমকি হয়ে দেখা দিতে পারে।'
আইএসের হ্যাকারদের দেয়া ওই তালিকায় নাম, বাসার ঠিকানা এবং ই-মেইল ঠিকানা দেয়া হয়েছে। তবে এর মধ্যে কিছু কিছু পুরনো তথ্যও আছে বলে জানা গেছে। প্রকাশ্যে বিষয়টি নিয়ে আলোচনার অনুমতি না থাকায় তার নাম প্রকাশ করা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।