সরকার কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে : মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, 'কৃষিই এদেশের অর্থনীতির প্রধান ভিত্তি। সরকার কৃষিক্ষত্রে বিপ্লব ঘটিয়েছে। দেশের কৃষকরাও খুদে বিজ্ঞানী।'
 
প্রতিমন্ত্রী শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের বিশ বছরপূর্তি এবং রি-ইউনিয়ন-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, 'সরকারের নানামুখী উদ্যোগের কারণে দেশে কৃষিতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অর্থনীতি সুদৃঢ় করার পাশাপাশি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে।'
 
'কৃষিই হচ্ছে মানবসেবা, কৃষিই সমৃদ্ধি। অতীতে খাদ্যে ঘাটতি ছিল। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ঘাটতি মিটিয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে রফতানি করছে।' বলে তিনি বক্তৃতায় উল্লেখ করেছেন।
 
নতুন নতুন টেকনোলজি উদ্ভাবন করে দেশের উন্নয়নে কাজে লাগাতে প্রতিমন্ত্রী কৃষিবিদদের আহ্বান জানানিয়ে বলেন, 'কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি গ্রাজুয়েটদের দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।'
 
এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, ট্রেজারার খান আতিয়ার রহমান, খুলনা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আবদুল লতিফ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাজমুল আহসান বক্তব্য রাখেন।