সম্প্রতি এক ভক্তকে ঘুষি মেরে বসেছিলেন অক্ষয় কুমারের দেহরক্ষী। বিমানবন্দরে ভিড়ের মধ্যে সেলফি তোলার জন্য অক্ষয়ের পিছু নিয়েছিলেন সেই ভক্ত। কয়েকবার বলার পরেও কথা না শোনায় উত্তেজনার বশে ঘুষি চালিয়ে দেয় সেই দেহরক্ষী।
ঘটনাটা এখানেই থেমে থাকেনি। ঘুষি মারার সেই দৃশ্য ক্যামেরা বন্দী করে অনলাইনে ছাড়া হলে রাতারাতি সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। আর এতে অনেকেই সমালোচনা করেন। নিন্দা-সমালোচনায় এবার সেই ভক্তের কাছে ক্ষমা চাইলেন অক্ষয়।
এক দীর্ঘ টুইটে তিনি জানিয়েছেন, সেদিন বিমানবন্দরে একটা গোলমাল খেয়াল করলেও কী হয়েছিল, সে বিষয় কিছুই জানতেন না তিনি। জানার পর সেই দেহরক্ষীকে যথেষ্ট কড়াভাবে বলেছেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে।
টুইটে অক্ষয় এ-ও বলেছেন, ‘আহত ভক্তের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমার কাছে আমার ভক্তদের স্থান অনেক উঁচুতে। এই ঘটনায় আমি বিষণ্ণ হয়ে পড়েছি’।