আদাবরে আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

 
রাজধানীর আদাবরে একটি আবাসিক হোটেল থেকে বিউটি (২০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে আদাবরের লিংক রোডস্থ অনন্যা আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকেই মনির নিখোঁজ রয়েছেন।
 
হোটেলটির রেজিস্ট্রার খাতা থেকে জানা যায়, নিহত বিউটি বাগেরহাট জেলার মনির হোসেনের স্ত্রী।
 
আদাবর থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় নিজেদের স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলের ২০৩ নম্বর কক্ষে ওঠেন বিউটি ও মনির। পরে সংবাদ পেয়ে রাত ৩টার দিকে ওই কক্ষের বাথরুম থেকে বিউটির লাশ উদ্ধার করা হয়। 
 
বিউটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।