যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকা প্রতিযোগিতা উপলক্ষে ব্রাজিল ও উরুগুয়ে তাদের প্রাথমিক দল ঘোষণা করেছে। এর মধ্যে ৪০ সদস্যের ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা হয়নি তিন তারকা ডিফেন্ডার ডেভিড লুইজ, থিয়াগো সিলভা ও মার্সেলোর। ৩৫ সদস্যের উরুগুয়ের প্রাথমিক দলে সেরা আকর্ষণ বার্সেলোনার তারকা স্ট্রাইকার লুই সুয়ারেজ। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে কামড় কেলেঙ্কারির পর এই প্রথম বড় কোনো প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছেন তিনি।
বার্সেলোনা অনাপত্তি জানানোয় আগামী জুনে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষী আসরে ব্রাজিল অধিনায়ক নেইমারের না থাকাটা আগেই নিশ্চিত ছিল। তবে বার্সা আর ব্রাজিল কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা অনুযায়ী আগামী আগস্টে রিও ডি জেনেরিও অলিম্পিকে খেলবেন তিনি।
গত বছরের কোপা আমেরিকার পর দুঙ্গার দলে আর জায়গা না পাওয়া সিলভার বাদ পড়াটা অবশ্য বিস্ময় নয়। তবে তার পিএসজি সতীর্থ লুইজের দলে না থাকায় অবাক করেছে অনেককে। ব্রাজিলের হয়ে ৫৬টি ম্যাচ খেলা লুইজ গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করা ম্যাচে সবশেষ খেলেন। যদিও নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের পরের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারেননি তিনি।
২০১৪ সালের বিশ্বকাপের পর কোচ লুইজ ফেলিপ স্কলারির জায়গায় দুঙ্গা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর ব্রাজিলের হয়ে কেবল পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মার্সেলো। গত মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দুইটি ম্যাচেও ছিলেন না রিয়াল মাদ্রিদের এই ফুল-ব্যাক।
কোপা আমেরিকার জন্য ব্রাজিলের প্রাথমিক দলে আছেন ১০ নতুন মুখ। আগামী পাঁচ মে ২৩ সদস্যের চূড়ান্ত দল দেবেন দুঙ্গা। এর আগে তাকে মুগ্ধ করার চেষ্টায় থাকবেন অভিষেকের অপেক্ষায় থাকা আলেক্স তেইসেইরা, গ্যাব্রিয়েল পাউলিস্তা, ফাগনের, জেমেরসন, রদ্রিগো কাইয়ো, দগলাস সান্তোস, ওয়ালাসে, লুয়ান, গ্যাব্রিয়েল, গ্যাব্রিয়েল জেসুসরা। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকায় চার জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের অভিযান। ‘বি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও পেরু।
এদিকে, ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে প্রতিপক্ষ দলের ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনিকে কামড়ে দেয়ার ঘটনার পর জাতীয় দলের নয় ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মার্চে দলে ফিরে বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচ খেললেও কোনো টুর্নামেন্ট খেলতে পারেননি সুয়ারেজ। তাকে ছাড়াই গত বছর চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকা খেলেছে উরুগুয়ে, যেখানে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিতে হয় তাদের। নিষেধাজ্ঞা কাটিয়ে সুয়ারেজ দলে ফেরায় জুনে আমেরিকা অনুষ্ঠেয় কোপা আমেরিকায় পুরো শক্তিই পাচ্ছে প্রতিযোগিতাটির সবচেয়ে সফল দল উরুগুয়ে।
কোচ অস্কার তাবারেজের প্রাথমিক দলে তেমন কোনো চমক নেই। ২০ মে তিনি উরুগুয়ের চূড়ান্ত দল নিশ্চিত করবেন। ওই দলে অধিনায়ক দিয়েগো গডিন, এডিনসন কাবানি, হোসে জিমেনেজ, ম্যাক্সি পেরেইরা এবং ক্রিশ্চিয়ান রড্রিগেজের থাকবেন বলে জোরালো সম্ভাবনা রয়েছে। ২০১১ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আসন্ন আসরে ‘সি’ গ্রুপের হয়ে খেলবে। পাঁচ জুন মেক্সিকোর হয়ে শুরু হবে তাদের অভিযান। গ্রুপে তাদের মুখোমুখি হতে হবে ভেনেজুয়েলা ও জ্যামাইকার সঙ্গেও।—সকারওয়ে