আইপিএল থেকে ছিটকে গেলেন মিশেল মার্শ

আরেকটি দুঃসংবাদ রাইজিং পুনে সুপারজায়ান্টের জন্য। আইপিএল-২০১৬ এর বাকি ম্যাচগুলোতে ক্লাবটি দলে পাচ্ছে না অস্ট্রেলিয়ার অল রাউন্ডার মিশেল মার্শকে। চোট সমস্যার কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেলেন তিনি।
 
এবারের পুনের একের পর এক ক্রিকেটার চোট নিয়ে মাঠের বাইরে চলে যাচ্ছেন। মিশেল মার্শের আগে ফাফ ডু প্লেসিস ও কেভিন পিটারসেনকেও হারাতে হয়েছে ক্লাবটিকে। আগামী জুনে অস্ট্রেলিয়ার ক্যারিবীয়ান দ্বীপ সফরের জন্য নিজেকে প্রস্তুত করতে  দেশে ফিরে যাবেন মার্শ। 
 
ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রীড়া বিজ্ঞান ও ক্রীড়া  মেডিসিন ম্যানেজার অ্যালেক্স কুনটোরিস বলেছেন, কয়েক দিন আগে নিজ দল পুনের সঙ্গে ব্যাটিং অনুশীলনের সময় পেটে ব্যথা অনুভব করেন মিশেল। পরের ম্যাচ তিনি মিস করেছেন এবং তার ব্যথা ভালো হয়নি। তারপর ভারতের তিনি স্ক্যান করলে জানা যায় তার সাইড স্ট্রেইন সমস্যা আছে। ফলে তিনি এখন পরবর্তী চিকিৎসার জন্য দেশে ফিরবেন এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করবেন। এই মৌসুমে সুপারজায়ান্টের প্রথম সাত ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচ  খেলেছেন মার্শ। এতে ৫.০০ ইকোনোমিতে ৪ উইকেট শিকার করেছেন। একবার ব্যাট করতে নেমে ৭ রান করেছেন। ধোনির নেতৃত্বাধীন সুপারজায়ান্ট প্রথম সাত ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে। পয়েন্ট  টেবিলের নিচের দিকে আছে ক্লাবটি ।