দক্ষিণ সুনামগঞ্জে ডোবায় পড়ে ভাই বোনসহ ৩ শিশুর মৃত্যু

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নে ডোবার পানিতে পড়ে আপন দুই ভাইবোনসহ তিন শিশুর  মৃত্যু  হয়েছে। রবিবার বিকেলে ইউনিয়নের দামোধরতপী ও মাহমুদপুর  গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো দামোধরতপি গ্রামের তুজিবুর রহমানের মেয়ে হালিমা বেগম (৮) ও তার ছোট ভাই সাজেদ আলী (৬) এবং পাশের মাহমদপুর গ্রামের জাহির আলীর ছেলে সাজেদ মিয়া (১০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দামোধরতপী ও মাহমুদপুর গ্রামের মাঠে ডোবায় বৃষ্টির পানি জমে যায়। ওই তিন শিশু রবিবার বিকেলে বাড়ি থেকে খেলতে এসে ওই ডোবায় পড়ে ডুবে যায়।

বাড়ির লোকজন অনেক্ষণ তাদের খোঁজ না পেয়ে খুঁজতে বের হয়। তারা গ্রামের মাঠে ডোবায় ওই তিন শিশুকে মৃত অবস্থায় ভাসতে দেখে। এলাকাবাসী ও পরিবারের লোকজন শিশুদের লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল পরির্শন করে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডোবায় পড়ে একই পরিবারের দুজনসহ তিন শিশু নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে এক শিশুর দাফন সম্পন্ন হয়েছে। বাকিদের লাশ দাফনের  প্রস্তুতি চলছে।