সিরিয়ার লড়াই বন্ধে কেরির প্রচেষ্টা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন সিরিয়ার আলেপ্পোতে বোমা হামলা বন্ধে রাশিয়ার সহযোগিতা আশা করছেন তিনি। জেনেভাতে দেয়া এক বক্তৃতায় তিনি বলেন যে তিনি আশা করছেন সিরিয়া সরকার অন্তত রাশিয়ার কথা শুনবে ও সেই অনুযায়ী সাড়া দেবে।
 
জাতিসংঘের দূত স্টাফান দে মিস্তুরার সঙ্গে সিরিয়া প্রসঙ্গে জরুরি বৈঠকের জন্য জেনেভা সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কেরি বলেছেন সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে যে সহিংসতা চলছে তা বন্ধ করাই এখন মূল লক্ষ্য।
IMG0
 
সিরিয়ার সরকারি বাহিনীর বোমা ও বিমান হামলা এবং বিদ্রোহীদের রকেট হামলায় গত দশ দিনে আলেপ্পোতে আড়াইশোর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর আগে রাশিয়ার একজন সামরিক কর্মকর্তা বলেছেন যে যুদ্ধরত আলেপ্পোয় শান্তি স্থাপনের জন্য আলোচনা চালাতে প্রস্তুত তারা।
 
যুক্তরাষ্ট্র চাচ্ছে রাশিয়া যেন সিরিয়ার সরকারি বাহিনীকে চাপ দেয় যেন তারা আলেপ্পোতে নির্বিচারে বোমা হামলা বা বিমান হামলা না চালায়। অন্যদিকে রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনীর মন্তব্য হলো আলেপ্পোতে জিহাদি বাহিনী নুসরা ফ্রন্টকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। বিবিসি।