বর্তমানে বলিউডে নিজস্ব চিত্রনাট্য নিয়ে খুব কমই কাজ হচ্ছে। ওখানে এখন রিমেক বা সিক্যুয়েলে দর্শক মাতানোর ঝোঁকে মশগুল পরিচালকরা।
এই তালিকাতে এবার নাম লেখালেন ফারহা খান এবং শাহরুখ খান। ঘোষণা করলেন, তারা 'ম্যায় হু না'-র দ্বিতীয় পর্ব নিয়ে ভাবনা-চিন্তা করছেন।
হঠাৎ কেন এমন ঘোষণা? আসলে 'ম্যায় হু না' যে ফারহা খানের প্রথম ছবি। সেই ছবি শনিবার সগৌরবে পূর্ণ করল ১২ বছর। স্বাভাবিকভাবেই ব্যাপারটা নিয়ে বেশ উত্তেজিত ফারহা। তার টুইটার অ্যাকাউন্টে তাকালেই এখন কেবল দেখা যাচ্ছে 'ম্যায় হু না' নিয়ে নানা স্মৃতিচারণা।
এদিকে, এই ছবি দিয়েই প্রথম শুরু হয় শাহরুখ খান আর ফারহা খানের যুগলযাত্রা। ফলে শাহরুখও রয়েছেন স্মৃতিমেদুরতায়। টুইট করে টিম 'ম্যায় হু না'-র প্রত্যেকের নাম ধরে ধরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। লিখেছেন, এই বন্ধুদের সঙ্গে কাজ করাটা কতটা মজার ছিল!
শাহরুখ এই টুইট করার সঙ্গে সঙ্গেই প্রত্যুত্তর আসে ফারহার পক্ষ থেকে। ফারহা টুইট করেন, 'চলো, ছবিটার দ্বিতীয় পর্বের প্ল্যানিং শুরু করে দিই।'