কেন্দ্রীয় যুব মহিলা লীগের দফতর সম্পাদক আর নেই

 
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মেয়ে কেন্দ্রীয় যুব মহিলা লীগের দফতর সম্পাদক সৈয়াদা নুরুন্নাহার পারভীন লাভলী (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে...রাজেউন)। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 
 
তিনি শাহ সাহেব বাড়ির সৈয়াদ শাহজামানের মেয়ে। মৃত্যুকালে তিনি স্বামী, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। 
 
লাভলী গত ২৯ মার্চ ব্রেন স্ট্রোক করে ঢাকার আগারগাঁও অবস্থিত নিওরো সাইন্স হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সকাল ১১টা ১০মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। 
 
তার মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, ভাঙ্গা পৌরসভার মেয়র আবু রেজা মো. ফয়েজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন ও সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল হক মিরু মুন্সি, ভাঙ্গা প্রেসকাবের সভাপতি হাজী আ. মান্নান ও সাধারণ সম্পাদক মো. রমজান সিকদারসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা, ফরিদপুর জেলা ও উপজেলার নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন। 
 
লাভলীর ছোট ভাই ব্যবসায়ী সৈয়দ তালাশ বুখারী জানায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী শাহ সাহেব বাড়ির পারিবারিক কবরস্থানে এশার নামাজ শেষে জানাযা হয়। তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।