বলের আঘাতে মাঠ ছাড়লেন এডাম ভোজেস

আবারো ক্রিকেট মাঠে দুর্ঘটনার শিকার হলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে বলের আঘাতে হাসপাতালে যেতে হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম ভোজেসকে। রবিবার মিডলসেক্স ও হ্যাম্পশায়ারের ম্যাচ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।
 
তবে ব্যাটিংয়ের সময় নয়  মিডলসেক্সের অধিনায়ক আঘাত পেয়েছেন ফিল্ডিংয়ের সময়। বদলি ফিল্ডার অলি রেনারের থ্রো তালুবন্দি করতে পারেননি উইকেটরক্ষক জন সিম্পসন। সেই বলটাই গিয়ে আঘাত আনে ভোজেসের মাথায়।
 
সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ৩৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার । পরে তাঁকে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
মিডলসেক্সের ডিরেক্টর অব ক্রিকেট আনগুস ফ্রেসার বলেছেন, ‘এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। এই ম্যাচে অ্যাডাম আর খেলতে পারবেন না। সাজঘরে আসার পর তিনি খুব একটা ভালো বোধ করছিলেন না। ফলে আমরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খেলতে না পারলেও তিনি অবশ্য মাঠেই থাকতে চেয়েছিলেন।’
 
গত মাসেও কাউন্টি ক্রিকেটে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন ক্রিস ন্যাশ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নতুন হেলমেট মাথায় দিয়ে খেলতে না নামলে ভেঙে যেতে পারত ইংলিশ এই ক্রিকেটারের নাক। ২০১৪ সালের নভেম্বরে ব্যাটিংয়ের সময় বলের আঘাত পেয়ে মারা গিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজ। বিবিসি