চবিতে শিক্ষকদের অর্ধ দিবস কর্মবিরতি পালন

 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও দোষীদের  দ্রুত বিচার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আধা বেলা কর্মবিরতি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এ কর্মবিরতি চলে বেলা ১২টা পর্যন্ত। 
 
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, '১২টা থেকে ১টা পর্যন্ত শহিদ বুদ্ধিজীবি চত্বরে এক ঘণ্টার অবস্থান কর্মসূচির পালন করেন। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা না নিলেও দুপুর ১টার পর পরীক্ষা নিতে পারবে।'
 
তিনি আরো বলেন, ‘আজকে ৩ঘণ্টার কর্মবিরতি ও ১ ঘণ্টার অবস্থান কর্মসূচিসহ মোট ৪ঘণ্টা কর্মবিরতিতে থাকছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। যেহেতু আমাদের কর্মবিরতি অর্ধ দিবস তাই ডিপার্টমেন্ট চাইলে দুপুর ১টার পর পরীক্ষা নিতে পারবে।’ 
 
এ কর্মবিরতির কারণে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, আই আর টি বিভাগের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
 
এর আগেও গত ২৬ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজীর অধ্যাপক ড.এ এস এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও  দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
 
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকালে বাড়ি থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে রাজশাহীর শালবাগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
 
ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি করছে পুলিশ। বিচারের প্রতিবাদে এখনও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এতে অংশগ্রহণ করেন শিক্ষকরাও। এ ঘটনার পর থেকে ক্লাস বর্জনও করে শিক্ষার্থীরা।