পেরুর মাদক সম্রাট গারসন আলদাইর গালভেজ কাল্লিকে গ্রেফতার করেছে কলম্বিয়ার পুলিশ। তাকে আটক করে পেরুতে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শেষ করা হয়েছে।
মিত্রদের কাছে ‘কারাকোল’ বা ‘দ স্নেল’ নামে পরিচিত এই অপরাধীকে ধরার বিষয়টি রবিবার নিশ্চিত করেছিলেন কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী লুইস কার্লোস ভিলিগাস। সাংবাদিকদের উদ্দেশে ভিলিগাস বলেন, জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর এবং পেরুভিয়ান পুলিশের কাছে গালভেজ কাল্লি শীর্ষ মাদক চোরাকারবারি। কলম্বিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, সঠিক অভিবাসন কাগজপত্র না থাকায় তাকে পেরুতে ফেরত পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পেরুর বন্দর কালাওতে কোকেন চোরাচালান দল নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এই এলাকায় অসংখ্য খুনের সঙ্গে জড়িত এই চোরাকারবারিরা।
গালভেজকে ধরতে তথ্যের জন্য ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তবে কলম্বিয়ার সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন গালভেজ কাল্লি। তিনি বলেন, আমার অবশ্যই আইনানুযায়ী দোষী প্রমাণিত হওয়ার আগে নির্দোষ হিসেবে বিবেচিত হওয়ার অধিকারটি রয়েছে। তারা আমার সঙ্গে কোনো অবৈধ বস্তু পায়নি। বিবিসি।