সিরিয়ার আলেপ্পো নগরীতে সোমবার ভোরে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। দেশটিতে হত্যাযজ্ঞ বন্ধে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যখন জেনেভায় অবস্থান করছেন ঠিক তখনই এ হামলা চালানো হলো।
সিরিয়ার দ্বিতীয় নগরী আলেপ্পোতে গত এক সপ্তাহেরও বেশি সময়ের যুদ্ধে কয়েকশ’ বেসামরিক লোক নিহত হয়েছে। বিদ্রোহীদের দখলকৃত আলেপ্পোর পূর্বাঞ্চলে সোমবার ভোরে বিমান হামলা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ ছাড়া খুবই ঘন বসতিপূর্ণ বুসতান আল কসর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়ও হামলা হয়েছে। তবে সোমবারের এ হামলা সিরিয়া নাকি রাশিয়ার বিমান থেকে চালানো হয়েছে তা স্পষ্ট নয়। এদিকে মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সরকার নিয়ন্ত্রিত আলেপ্পো নগরীর পশ্চিমাঞ্চলে রোববার রাতে বিদ্রোহীদের গোলাবর্ষণে এক শিশুসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ায় ভঙ্গুর আংশিক অস্ত্রবিরতি জোরদার করার লক্ষ্যে রোববার জেনেভা গেছেন। সিরিয়ায় জাতিসংঘ দূত স্টেফান ডি মিসতুরা এবং জর্ডান ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে সিরিয়া পরিস্থিতি নিয়ে তার আলোচনার কথা রয়েছে। এএফপি।