আশা জাগিয়েও সেঞ্চুরি করতে পারলেন না ইরফান শুক্কুর। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৮৮ রান করে আউট হয়েছেন কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে খেলা শুক্কুর।
সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নামে কলাবাগান ক্রিকেট একাডেমি। উদ্বোধনী জুটিতে মাইশুকুর রহমানকে সঙ্গে নিয়ে দলকে দারুণ সূচনা এনে দেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান শুক্কুর। উদ্বোধনী জুটিতে দুজন মিলে স্কোরবোর্ডে ৮১ রান যোগ করেন। মাইশুকুর (২৭) আল-আমিনের বলে ফিরে গেলেও শুক্কুর টেনে নিয়ে যায় দলকে।
মাইশুকুর আউট হওয়ার দুই বল আগে ফিফটি করা শুক্কুর দ্বিতীয় উইকেটে অধিনায়ক মাহমুদুল হাসানকে নিয়ে আরেকটি বড় জুটি গড়ে তোলেন। সেই সঙ্গে শুক্কুর নিজে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে।
দলীয় ১৫৩ রানে মাহমুদুলের (৩১) বিদায়ে ভাঙে ৭২ রানের দ্বিতীয় উইকেট জুটি। এরপর শুক্কুরও আর টিকতে পারেননি। পরের ওভারে তিনি স্পিনার এনামুল হকের বলে উইকেটরক্ষক ধীমান ঘোষকে ক্যাচ দিয়ে ফেরেন ব্যক্তিগত ৮৮ রানে। ৭টি চারে সাজানো ছিল শুক্কুরের ১১৬ বলে করা ৮৮ রানের ইনিংসটি।
এই ম্যাচে করা ৮৮ রানই এখন লিস্ট ‘এ’ ক্যারিয়ারে শুক্কুরের সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ ছিল ৮০, ঢাকা লিগের গত আসরে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ইনিংসটি খেলেছিলেন সেবারও কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে খেলা চট্টগ্রামের এই ক্রিকেটার।