ঝিনাইদহ সদর উপজেলায় মোটরচালিত একটি অটোরিকশা উল্টে আকলিমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মরিয়ম (২২) নামে অপর এক নারী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হলিধানী এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত আকলিমা বেগম জেলা সদর উপজেলার থোপাবিলা গ্রামের আজিজুর রহমানের স্ত্রী।
জানা গেছে, হলিধানী এলাকায় মোটরচালিত অটোরিকশাটি উল্টে গেলে যাত্রী আকলিমা ও মরিয়ম গুরুতর আহত হন। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন। মরিয়মকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।