রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকীর খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় সংবাদদাতারা জানান, সোমবার সকাল ১০টায় সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা কালোব্যাজ পরে কর্মবিরতি শুরু করেন। বেলা ১২টা থেকে চলে তাদের একঘণ্টার অবস্থান কর্মসূচি। কর্মসূচি চলাকালে সব ধরনের ক্লাস ও বিভাগীয় পরীক্ষা বন্ধ থাকলেও পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীনে কেন্দ্রীয় সব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে কলাভবনের বটতলায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
২৩ এপ্রিল রাজশাহীর শালাবাগান এলাকায় নিজ বাসা থেকে ৫০ গজ দূরে রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিনই নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন তার ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ। পরে গোয়েন্দা পুলিশকে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়।