ন্যাটোর একজন নিরাপত্তা বিশেষজ্ঞ সতর্ক করে দিয়ে বলেছেন, ভিড়ের মধ্যে হামলা চালাতে ইসলামিক স্টেট (আইএস) চালকবিহীন গাড়ি তৈরির চেষ্টা করছে। গুগলসহ বিভিন্ন গাড়ি নির্মাতা চালকবিহীন স্মার্ট গাড়ি নিয়ে গবেষণা চালাচ্ছে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারনা, আগামী কয়েক বছরের মধ্যে ইউরোপ-আমেরিকার রাস্তায় চালকবিহীন গাড়ি নিয়মিতভাবে চলাচল করবে। এ ধরনের গাড়ি আইএস-এর হাতে পড়লে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।
এনডিটিভি জানায়, ন্যাটোর জরুরি নিরাপত্তা হুমকি বিষয়ক বিভাগের উপ-সহকারী মহাসচিব জামিয়ে শেয়া বলেছেন, আইএস-এর প্রযুক্তিবিদরা সিরিয়ার শহর রাকায় চালকবিহীন গাড়ি নিয়ে কাজ করছে। তিনি বলেন, 'শুধু গুগলই নয় আইএসও একই প্রযুক্তির গাড়ি তৈরির চেষ্টা করছে। এই প্রযুক্তির উন্নয়ন করতে পারলে তাদের আর আত্মঘাতী হামলাকারীর প্রয়োজন হবে না।'