পলকের 'ভয়েস' যুক্তরাষ্ট্রে তৃতীয়

 
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ওয়াইজিএল (ইয়াং গ্লোবাল লিডারশিপ) ইমপ্যাক্ট ল্যাব ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের অনলাইন ক্রাউড সোর্সভিত্তিক প্ল্যাটফর্ম 'ভয়েস'।
 
উক্ত অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলকের আইডিয়া 'ভয়েস' বিচারকদের বিবেচনায় তৃতীয় পুরস্কার অর্জন করে। এর আগে প্রতিমন্ত্রী তার আইডিয়া নিয়ে একটি প্রেজেন্টেশনও উপস্থাপন করেন। তিনি তার ফেসবুক ওয়ালে শনিবার সন্ধ্যায় এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান।
 
উল্লেখ্য, সম্প্রতি জুনাইদ আহমেদ পলককে ইয়াং গ্লোবাল লিডার-২০১৬ (ওয়াইজিএল) হিসেবে মনোনীত করে সুইজারল্যান্ড ভিত্তিক অলাভজনক থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠান 'দ্য ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম' (ডব্লিউইএফ)।
 
আগামীর পৃথিবী রূপায়ণে সম্ভাব্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মানে ভূষিত করা হয়। সম্প্রতি পলকসহ ৪০ বছরের কম বয়সী বিশ্বের অন্যান্য যুব বিশ্ব নেতাদের নাম তাদের ওয়েব সাইটে প্রকাশ করে। দক্ষিণ এশীয় এলাকায় প্রতিমন্ত্রীকে এই মনোনয়ন দেওয়া হয়।