বিজয়নগরে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
 
সোমবার রাত দেড়টার দিকে উপজেলার ইছাপুড়া ইউনিয়নের খাদুরাইল গ্রামের ওই নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অফিসের ভিতরের বিভিন্ন সরঞ্জাম ও নির্বাচনী প্রতীক পুড়ে গেছে।
 
আওয়ামী লীগ প্রার্থী মো. আক্তার হোসেনের অভিযোগ, প্রতিপক্ষের চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের দেয়া আগুনেই পুড়ে গেছে তার নির্বাচনী অফিস।  এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
 
তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক বকুল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ বিষয়ে আমি কিংবা আমার কোন লোকজন জড়িত নয়।’
 
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘আগুন দেয়ার বিষয়টি আমরা জেনেছি। এ ব্যাপারে আমাদের থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’