নতুন একটি সেবা আসছে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুকে। এই সেবা যোগ হলে 'সেলফ-ডিসট্রাক্ট' বা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হতে সক্ষম এমন মেসেজ পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলোর মতে, নতুন সেবার মাধ্যমে কথোপকথন কতক্ষণ দৃশ্যমান থাকবে তা নির্ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা। এতে নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে কথোপকথন অদৃশ্য হয়ে যাবে।
এ ব্যাপারে ফেসবুক মেসেঞ্জার কর্তৃপক্ষ জানিয়েছে, সেলফ-ডিসট্রাক্ট ফিচার ইন্যাবল করে রাখলে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মাথায় চ্যাট বক্স থেকে তা উধাও হয়ে যাবে।
তবে শুরুতে এই সেবা পাবেন কেবল আইওএস প্ল্যাটফর্মের ফেসবুক ব্যবহারকারীরা। কারণ, শিগগিরই আইওএস ব্যবহারকারীদের জন্য ফেসবুক মেসেঞ্জার ভি৬৮.০ সংস্করণে নতুন সেবা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সেবা ছাড়াও মেসেঞ্জিং অ্যাপটিতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন যোগ করতে কাজ করছে ফেসবুক।
এন্ড-টু-এন্ড এনক্রিপশনে প্রেরকের ডিভাইস থেকে বার্তা এনক্রিপ্টেড অবস্থায় পাঠানো হয়, যা শুধু প্রাপকের ডিভাইসেই ডিক্রিপ্ট করা যায়। মাঝপথে তৃতীয় কোনো পক্ষ বার্তাটি হাতে পেলেও পড়তে পারে না। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।