নাটোরের ইয়াছিনপুর রেলস্টেশন এলাকা থেকে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে ওই রেলস্টেশনের কয়েক গজ দূরে রেল লাইনের পাশ থেকেই তার মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রাজ্জাক নাটোর সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি নাটোর পৌরসভার ৮নং ওর্য়াড আওয়ামী লীগের সদস্য বলে ওই ওর্য়াডের আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম বাবুল নিশ্চিত করেছেন।
এদিকে পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে ইয়াছিনপুর গ্রামের নাদিম (৩০), আজিজুল মমিন (৩২), কামাল হোসেন (২৮), মিঠুন (২৬) এবং রেলকলোনী এলাকার সমসের আলী (৩২) নামে পাঁচজনকে আটক করেছে। এদের মধ্যে নাদিম সদর উপজেলার বেলঘড়িয়া এলাকার সিআইসি মজনু মাস্টার হত্যার আসামি বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যার পর লাশ রেল লাইনের ধারে ফেলে রেখে গেছে।’