ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) ভোটে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লেস্টার সিটির স্ট্রাইকার জেমি ভার্ডি। সতীর্থ রিয়াদ মাহরেজ ও এন'গোলো কান্তেকে পিছনে ফেলেন মোট ভোটের ৩৬ শতাংশ পেয়ে সেরা নির্বাচিত হন ভার্ডি।
১৯৪৭ সালে ইংল্যান্ডের সংবাদপত্র ও সংবাদ সংস্থার ফুটবল সাংবাদিক ও লেখকদের নিয়ে গড়া ওঠে এফডব্লিউএ। আর ১৯৪৮ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দিয়ে আসছে সংস্থাটি। এবারই প্রথম লেস্টারের কোনো খেলোয়াড় এই পুরস্কার জিতলেন।
গত মৌসুমে কোনোমতে অবনমন এড়ানো দলটির এবারের প্রাথমিক লক্ষ্যও ছিল প্রিমিয়ার লিগে টিকে থাকা। মৌসুমের শুরুতে শিরোপা লড়াইয়ে লেস্টারের পক্ষে বাজির দর ছিল ৫০০০-১। সেই দলই চ্যাম্পিয়ন হলো।
অনন্য এ কীর্তি গড়ার পথে প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ড গড়েন ভার্ডি। লেস্টারের শিরোপা জয়ে এই ধারাবাহিক পারফরম্যান্সের অবদান অনেক।