ক্লাব কাপ হকির সেমিফাইনালে আবাহনী

মার্সেল ক্লাব কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে আবাহনী লিমিটেড। সোমবার ওয়ারী ক্লাবকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি।
 
১০-০ গোলের বড় ব্যবধানের জয়ে আবাহনীর পক্ষে হ্যাটট্রিক করেন শাফকাত রাসুল। এ ছাড়া মো. ইরফান, শাকিল আব্বাসি, কাসিফ আলী, মাকসুদ আলম হাবুল, খোরশেদুর রহমান, রাজিব দাস ও সোয়েব আলী একটি করে গোল করেন।
 
আলো স্বল্পতার কারণে দ্বিতীয় ম্যাচটি শেষ হতে পারেনি। সোনালী ব্যাংক ও বাংলাদেশ এসসির মধ্যকার ম্যাচটি ২৫ মিনিট খেলা হওয়ার পর বন্ধ করে দিতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা। ম্যাচের বাকি ২৫ মিনিটের খেলা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ২৫ মিনিটে ১-০ গোলে এগিয়ে রয়েছে সোনালী ব্যাংক।
 
ক্লাব কাপ হকির চ্যাম্পিয়ন দল ৭০ হাজার টাকা প্রাইজমানি পাবে। আর রানারআপ দল পাবে ৩৫ হাজার টাকা। এ ছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে মার্সেল এর পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।