বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ৯ম ওয়েজবোর্ড ঘোষণার দাবি

 
'বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস' উপলক্ষে মঙ্গলবার এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, 'নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে জীবন যাপন করতে গণমাধ্যমকর্মীদের জন্য সরকারের পক্ষ থেকে ৯ম ওয়েজ বোর্ড ঘোষণা করা এখন সময়ের দাবি।'
 
তারা বলেন, 'সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল ঘোষণার পরে গণমাধ্যমকর্মীদের বেতন ভাতা এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ অবস্থায় তাদের স্বাভাবিক জীবন যাপনে সমস্যা দেখা দিয়েছে।'
 
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মঙ্গলবার  ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সম্প্রসারিত মিলনায়তনে বেলা ১১টায় ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) আয়োজিত 'তথ্যের অবাধ স্বাধীনতা ও টেকসই উন্নয়ন' শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন। ওয়াইজেএফবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়।
 
ওয়াইজেএফবি'র সভাপতি তানভীর আলাদিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি কাজি রফিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশের গণমাধ্যম যতটুকু মুক্ত, সেই তুলনায় সাংবাদিক ও সংবাদকর্মীরা গণমাধ্যমের মালিক পক্ষের ইচ্ছার কাছে মুক্ত নয়। গণমাধ্যম কর্মীরা কথায় কথায় চাকরি হারাচ্ছেন। এমনকি অনেক গণমাধ্যমে এখনো ৮ম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হচ্ছে না অথচ তারা সরকারের দেয়া সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছেন বলে বক্তারা তাদের বক্তৃতায় উল্লেখ করেছেন। খবর- বাসস।