ঢাকার সাভারে একটি বহুতল ভবনের বিম ও দেয়ালে ফাটল দেখা দেয়ায় সেখানে থাকা দুটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের কল কারখানা পরিদর্শন বিভাগ সোমবার সাভার পৌরএলাকার কর্ণপাড়া মহল্লার পাঁচ তলা ভবনটিতে থাকা ‘কে এল ডি এ্যাপারেলস লিমিটেড’ ও ‘প্রতীক এ্যাপারেলস লিমিটেড’ বন্ধ করে দেয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্যা জানিয়েছেন।
কারখানা পরিদর্শক আহমেদ জামিল বলেন, উপজেলা প্রশাসন ও রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচতলা ভবনের দুটি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়। এই কারখানা দুটিতে প্রায় ১৮শ’ শ্রমিক কর্মরত।
রাজউক কর্তৃপক্ষ এই ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে।
মঙ্গলবার দুপুরে পৌর মেয়র আবদুল গণি ভবনটি ঘুরে দেখেছেন। সাভার মডেল থানা ও শিল্প পুলিশের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, নিরাপত্তার স্বার্থে ভবনটির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভবনটির প্রধান ফটক কর্তব্যরত নিরাপত্তাকর্মী নাজমুল হক বলেন, ভবনটির মালিক ঢাকার রোহেল আহম্মেদ নামের এক ব্যবসায়ী।