অর্থ আত্মসাতে দুদকের মামলায় পাবনার বেড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে পাবনার বিশেষ জজ আব্দুল কুদ্দুস এ আদেশ দেন।
দুদক পাবনা অফিসের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন বলেন, আসামি শহিদুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠনোর নির্দেশ দেন।
পাবনার বিশেষ জজ আদালতের (দুদকের) পিপি আব্দুর রহিম বলেন, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে বেড়া পৌরসভার মেয়রসহ ১৫ জনের বিরুদ্ধে গত বছরের ৩১ আগস্ট একটি মামলা করেন দুদক পাবনা অফিসের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন।
মামলায় আসামিরা হলেন, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন, পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম তালুকদার, সাবেক সচিব বর্তমান পঞ্চগড় পৌরসভার সচিব মো. রাশিদুর রহমান, কাউন্সিলর যথাক্রমে হাবিবুর রহমান হবি, আবু দাউদ শেখ, জয়নাল আবেদিন, শামসুল হক খান, এনামুল হক শামিম, আব্দুর রাজ্জাক সরদার, ইসলাম উদ্দিন, আব্দুস সামাদ মহলদার, শহিদ আলী, নার্গিস আক্তার, মোছা. জাকিয়া খাতুন ও হাটের ইজারাদার মাহবুব হোসেন বাবলু।