সংসদে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাস

দেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা ও সেবার মান এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের নিমিত্ত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান করে মঙ্গলবার জাতীয় সংসদে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০১৬ পাস করা হয়েছে।
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের পক্ষে প্রতিমন্ত্রী জাহিদ মালেক বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে বিশ্ববিদ্যালয় স্থাপন, চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ নিয়োগ, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অনুষদ, পাঠক্রম কমিটি, বোর্ড অব এডভান্স স্টাডিজ, অর্থ কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, নির্বাচনী বোর্ড, নৈতিকতা কমিটি, শৃংখলা কমিটি, বিশ্ববিদ্যালয় সংযুক্ত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ, বিশ্ববিদ্যালয় ক্ষমতা, এখতিয়ার, শিক্ষাদান পদ্ধতি, মঞ্জুরি কমিশনের এখতিয়ার, জনবল কাঠামো, ভর্তি, বিশ্ববিদ্যালয় তহবিল, বার্ষিক হিসাব, সংবিধি, প্রবিধানসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।
 
বিলে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র এবং লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য বিশ্ববিদ্যালয় উন্মুক্ত রাখার বিধান করা হয়েছে। জাতীয় পার্টির ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, নুরুল ইসলাম ওমর, নুরুল ইসলাম মিলন, সেলিম উদ্দীন, রওশন আরা মান্নান, নুর-ই হাসনা লিলি চৌধুরী, স্বতন্ত্র সদস্য আবদুল মতিন বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ করা হয়।