চিলমারীতে সাংবাদিক রাজার দাফন সম্পন্ন

ভাওয়াইয়া কন্ঠশিল্পী ও সাংবাদিক সফিউল আলম রাজার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোড়গাছ মণ্ডলপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে রবিবার রাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জানাযা শেষে সাংবাদিক সফিউল আলম রাজার মরদেহ কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তার মরদেহ পৌঁছালে কুড়িগ্রাম সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে তাকে শ্রদ্ধা জানানো হয়। 

পরে তার মরদেহ চিলমারীতে আনা হলে থানাহাট এ ইউ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩য় দফা জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবুসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুনঃ মোরেলগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

বাদ যোহর তার নিজ গ্রামে জানাযা শেষে জোড়গাছ মন্ডল পাড়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

রবিবার রাতে ঢাকার মিরপুরে তার বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান রাজা।

ইত্তেফাক/নূহু