নয় হাজারে মিলবে বড় স্ক্রিনের 'ক্যানভাস মেগা ২'

বছর খানেক আগে ভারতে স্মার্টফোনের বাজারে নির্ভরযোগ্য একটি নাম হয়ে উঠেছিল মাইক্রোম্যাক্স। এখন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পথ অতিক্রম করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। বাজার দখল নেমেছে অর্ধেকে। এই অবস্থা কাটাতে প্রতিষ্ঠানটি গুরুত্ব দিচ্ছে বাজেট স্মার্টফোনে। এরই অংশ হিসেবে 'ক্যানভাস স্পার্ক ২ প্লাস' ও 'ক্যানভাস স্পার্ক ৩' বাজারে আনে সংশ্লিষ্টরা।
 
সাশ্রয়ী দামের এই ডিভাইস দুটি সাড়া জাগানোয় এবার 'ক্যানভাস মেগা ২' নামের আরেকটি ফোন এনেছে মাইক্রোম্যাক্স কর্তৃপক্ষ।
 
ফোরজি সমর্থিত নতুন এই ফোনের মূল আকর্ষণ হল বড় স্ক্রিন। ভারতের বাজারের জন্য ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে সাত হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় নয় হাজার ৩০০ টাকা।
 
'ক্যানভাস মেগা ২'তে রয়েছে ৬ ইঞ্চি ডিসপ্লে, ৫৪০x৯৬০ পিক্সেল রেজ্যুলেশন, ১.৩ গিগাহার্টজ প্রসেসর, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, এক্সপ্যান্ডেবল মেমরি ৩২ জিবি, অ্যান্ড্রয়েড ৪.০ ললিপপ ভার্সন, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা (ফ্ল্যাশ-সহ), ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি।
 
ডুয়াল সিম সমর্থিত এই ফোন কানেক্টিভিটির দিক থেকে ওয়াই-ফাই, জিপিএস, ব্লু-টুথ, এফএম সমর্থন করবে। সূত্র- টেক টু।