মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ৩ ঘণ্টা পর স্থগিত

 
পুলিশের সঙ্গে বাস মালিক ও শ্রমিকদের বিরোধের জেরে মেহেরপুরে অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট স্থগিত করেছে জেলা বাস মালিক-শ্রমিক ইউনিয়ন। বুধবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে সকাল সাড়ে ১০টার সময় বাসস্ট্যান্ডে পুলিশ সুপার হামিদুল আলমের সাথে মালিক-শ্রমিক ইউনিয়নের নেতাদের আলোচনার পর সকল রুটে বাস চলাচল শুরু হয়।
 
এর আগে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল  জানান, দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) দায়িত্বে যাওয়ার জন্য পুলিশ কয়েকটি বাস নেয়। কিন্তু পুলিশের পক্ষ থেকে বাসের চালক-হেলপারদের প্রয়োজনীয় খরচ দেয়া হয়নি। পুলিশের এ ধরনের আচরণের কারণে পরিবহন শ্রমিকরা ৭ মে অনুষ্ঠেয় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে পুলিশের কাজে যেতে অনিহা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ সার্জেন্টরা সকালে পুলিশ লাইনের সামনে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে চলাচলকারী যাত্রীবাহী তিন বাস আটকে পুলিশ লাইনের ভেতরে নিয়ে যায়। বাস তিনটি নির্বাচনী কাজে ব্যবহার করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এর প্রতিবাদে মালিক-শ্রমিকদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাকা দেয়া হয়।
 

এতে মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-মুজিবনগর ও মেহেরপুর-গাংনী ভায়া কাথুলী সড়কে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শ্রমিকরা মিথ্যা অভিযোগ তুলে সরকারি কাজে না যাওয়ার বাহানা করছেন।