রিও অলিম্পিকে ভারতের শুভেচ্ছা দূত হচ্ছেন মাস্টার ব্লাস্টার খ্যাত শচীন টেন্ডুলকার। আগামী ৫ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত ব্রাজিলের রিও অলিম্পিকে ভারতীয় প্রতিনিধিদলের শুভেচ্ছা দূত হতে রাজি হয়েছেন তিনি।
রিও অলিম্পিকের শুভেচ্ছা দূত হওয়ার পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, রিওতে যাওয়ার আগে আমাদের দেশের বিশ্বমানের অ্যাথলেটদের সঙ্গে দেখা করাটা আমার কাছে দারুণ আনন্দের ব্যাপার। অ্যাথলেটদের উদ্বুদ্ধ করার কোনও উদ্যোগে সামিল হতে পারলেও আমার খুব ভাল লাগবে।
এক বিবৃতিতে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সেক্রেটারি জেনারেল রাজীব মেহতা বলেছেন, শচীন টেন্ডুলকার আমাদের অনুরোধ গ্রহণ করেছেন। অলিম্পিকে ভারতীয় শিবিরের শুভেচ্ছা দূত হতে রাজি হয়েছেন তিনি। এ ব্যাপারে তার কাছ থেকে সরকারিভাবে সম্মতি বার্তা পেয়েছি আমরা। তার মতো আইকন, সুপারস্টার আমাদের প্রস্তাবে রাজি হওয়ায় খুবই খুশি আমরা।
এর আগে অলিম্পিকে শুভেচ্ছাদূত হিসেবে সালমান খানের নাম ঘোষণা হওয়ার পরই সারা দেশজুড়ে সমালোচনা শুরু হয়। কড়া ভাষায় আক্রমণ করেন তারকা কুস্তিগীর যোগেশ্বর দত্ত এবং ক্রীড়াবিদ মিলখা সিং।