সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফুলতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শ্যামনগর এরিয়া প্রধান মি. রবার্টসন নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে বলেন, রাত দুইটার দিকে একটি বিকট শব্দ হয়। এরপর চারিদিকে আগুন ধরে যায়। কিন্তু কিভাবে এ ঘটনা ঘটলো কেউই নিশ্চিত নয়, তখন বিদ্যুৎও ছিল না। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরো পড়ুন: নভোএয়ারে ১৫ শতাংশ ছাড়ে ভ্রমণের সুযোগ
আগুনে একটি মাইক্রোবাস, ২৩টি মোটরসাইকেল, ৬টি বাইসাইকেল, দুটি এসি ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, তাদের ঊর্ধ্বতন একটি টিম আসছেন। তারাই ঘটনাটি তদন্ত করবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইত্তেফাক/অনি