আইপিএলে গম্ভীরের ম্যাচ ফি কর্তন

 
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সোমবার পাঁচ উইকেটের বড় ব্যবধানে জয়ের পর অসদাচরণের দায়ে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীরের ১৫ শতাংশ ম্যাচ ফি কেটে নিয়েছেন ম্যাচ রেফারি।
 
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচটিতে বড় ব্যবধানে জয়ের পর হাতের তোয়ালে ছুড়ে ফেলছেন মাটিতে, সঙ্গে ডাগআউটে তার বুটের আঘাতে ছিটকে পড়ছে চেয়ার। সব মিলিয়ে বিষয়টাকে ক্রিকেট মাঠের জন্য মর্যাদাহানিকর বলে মানছে আইপিএল গভর্নিং কমিটি। আর এ জন্যই আইপিএলের কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান পর্যায়ের আর্টিকেল ২.১.৮ ধারা ভঙ্গ করায় গম্ভীরের ম্যাচ ফি’র ১৫ শতাংশে কেটে নিয়েছেন ম্যাচ রেফারিরা।
 
এখন পর্যন্ত আট ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় এবং তিনটি পরাজয় নিয়ে আইপিএল পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। তাদের পরবর্তী ম্যাচ ঘরের মাঠে কিংস ইলাভেন পাঞ্জাবের বিপক্ষে।