আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন

 
দুই ছাত্রীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসকে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
 
বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহমেদ এ রিমান্ড আবেদন করেন বলে জানা গেছে।
 
বুধবার ভোরে কলাবাগান থানাধীন এলাকার একটি বাড়ি থেকে মাহফুজুর রশিদ ফেরদৌসকে গ্রেফতার করা হয়। 
 
কলাবাগান থানার ওসি মো. ইকবাল জানান, তিনি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। কয়েকদিন আগে তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছিল। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে। তার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়। ওই মামলায় আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়।