রাবি শিক্ষক হত্যা: বিচার দাবিতে আন্দোলন অব্যাহত

 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের ১২তম দিনে বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
 
এর আগে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়কে মৌন মিছিল করে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও মানববন্ধনে মিছিল নিয়ে যোগ দেয় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ, ফলিত রসায়ন বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
 
মানববন্ধনে সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজমের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষকগণ বক্তব্য প্রদান করেন।
 
সমাবেশ থেকে জানানো হয়, আগামীকাল শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সাথে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী কাছে তেমন আশ্বাস না পেলে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বিচার দাবি করবে রাবি শিক্ষক সমিতি।
 
এসময় আগামী ৭ ও ৮ মে সিনেট ভবনের সামনে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় রাবি শিক্ষক সমিতি।
 
গত ২৩ এপ্রিল রাজশাহী নগরীর শালবাগান এলকায় নিজ বাড়ি থেকে একটু দূরে অধ্যাপক রেজাউলকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর থেকে বিচারের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষক-শিক্ষার্থীরা।