তৃতীয়বারের মতো ডব্লিউএসআইএস পুরস্কার পেয়েছে বাংলাদেশ

তথ্য প্রযুক্তি খাতে অত্যন্ত মর্যাদা সম্পন্ন পুরস্কার হিসেবে বিবেচিত ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার আবারও পেয়েছে বাংলাদেশ। এবারের ‘ডব্লিউএসআইএস প্রাইজ চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড-২০১৬’-তে তৃতীয়বারের মত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের ৪টি উদ্যোগ চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা অর্জন করেছে।
 
চ্যাম্পিয়ন হওয়া উদ্যোগগুলো হলো সেবা পদ্ধতি সহজিকরণ-এসপিএস (ক্যাটাগরি-০৬), পরিবেশ অধিদফতরের অনলাইন ছাড়পত্র (ক্যাটাগরি-০৭), শিক্ষক বাতায়ন (ক্যাটাগরি-০৯) এবং কৃষকের জানালা (ক্যাটাগরি-১৩)।
 
বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদর দপ্তরে এ পুরস্কারের জন্য এটুআইয়ের ৪টি উদ্যোগের নাম ঘোষণা করা হয় বলে ফেসবুকে জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের একান্ত সহকারী সচিব জয়দেব নন্দী ।
 
গত বছর এটুআইয়ের ন্যাশনাল ওয়েব পোর্টাল প্রজেক্ট ‘এক্সেস টু ইনফরমেশন অ্যান্ড নলেজ’ ক্যাটাগরিতে পুরস্কার পায় বাংলাদেশ। এর আগের বছর ‘ইউনিয়ন ডিজিটাল সেন্টার’ প্রকল্পের জন্য এটুআই কর্মসূচি এ পুরস্কার পায়।