সিরাজগঞ্জে ফল ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুরে এক ফল ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। নিহত মজিনু মিয়া (৪০) উপজেলার মেঘাই গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে।   
 
ব্যবসায়িক লেনদেনের দ্বন্দ্বে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার উপজেলার মাইজবাড়ী চরাঞ্চলের একটি ধানক্ষেত থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয় বলে জানান কাজিপুর থানার ওসি সুমিত কুমার কুন্ডু।
 
মাইজবাড়ি নৌকাঘাটে একটি ফলের দোকান রয়েছে তার। এছাড়া গ্রামগঞ্জের হাট-বাজারে ধান, চাল ও ভুট্টা ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন তিনি। এ ঘটনায় জড়িত অভিযোগে ব্যবসায়িক অংশীদার জামাল উদ্দিনকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
 
পুলিশ কর্মকর্তা সুমিত কুমার বলেন, সোমবার ভুট্টা কেনার উদ্দেশ্যে বাড়ি বের থেকে হয়ে আর ফেরেননি মজনু। এ ঘটনায় মঙ্গলবার রাতে তার স্ত্রী রূপালি খাতুন (৩২) বাদী হয়ে জামাল উদ্দিন ও তাদের কর্মচারী পুরানপুর এলাকার মিজানুর রহমানকে আসামি করে একটি অপহরণ মামলা করেন। রাতেই জামাল উদ্দিনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মজনুকে হত্যার কথা স্বীকার করে। এরপর তাকে সঙ্গে নিয়ে যমুনা নদীর পূর্বপাড় মাইজবাড়ী চরাঞ্চলের একটি ধানক্ষেতের মাটি খুঁড়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
 
তিনি বলেন, ব্যবসায়িক টাকা লেনদেনের দ্বন্দ্বে মজনুকে হত্যা করেছে বলে জামাল উদ্দিন পুলিশকে জানিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।