দক্ষিণ কেরানীগঞ্জে আট বছরের শিশু ধর্ষণ করে হত্যার দায়ে মোহাম্মদ রানা নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক জেসমিন আরা বেগম আদালতে এই ফাঁসির রায় ঘোষণা করেন।
রায়ে ফাঁসি সহ আসামিকে একলক্ষ টাকা জরিমানা করেছে আদালত। মামলার এজাহারে জানা যায় , ২০১৪ সালের ১৪ আগস্ট প্রতিবেশী রানা প্রতিবেশী আট বছরের এক শিশুকে মাছ ধরার কথা বলে নিয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় মাছে খামারে ফেলে দেয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বাবা কেরানীগঞ্জ থানায় জিডি করেন। পরবর্তীতে সন্দেহভাজন হিসেবে চারদিন পরে মোহাম্মদ রানা আটক হওয়ার পরে ভিকটিমের বাবা বাদী হয়ে কেরানীগঞ্জে থানার নারী ও শিশু আইনের ৭/৯(২) ধারায় তাকে আসামী করে মামলা করে।
আসামীর দেখানো জায়গায়, পুলিশ জনসাধারণের সহায়তায় মাছের খামার হতে ভিকটিমের দেহাবশেষ, জামা ও স্যান্ডেল উদ্ধার করে। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ভিকটিমের পরিচয় শনাক্ত হয়। আসামি আটক হওয়ার পরে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সার্বিক পর্যালোচনা সাপেক্ষে আসামী রানার বিরুদ্ধে বিজ্ঞ আদালত রানার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষে এই মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মোহাম্মদ আবদুল বারী।