পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় এক মাসে ৪ বার আগুন লাগায় দায়িত্বে অবহেলার অভিযোগে ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বাসসকে এ কথা জানিয়েছেন। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কয়েকটি এলাকার গহীন অরণ্যে এ মাসে ৪ দফা অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চলতি বছরে ২৭ মার্চ প্রথম আগুন লাগে। পরে ১৩ এপ্রিল লাগা আগুন তিন দিন ধরে জ্বলতে থাকে।
এই আগুন নিয়ন্ত্রণে আনার মাত্র চার দিনের ব্যবধানে একই এলাকার সংরক্ষিত বনাঞ্চলে ১৮ এপ্রিল ভোরে ফের আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। এর রেশ কাটতে না কাটতেই পুনরায় ২৭ এপ্রিল আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নাশকতার এই আগুনের ঘটনায় সুন্দরবন বিভাগ ১৭ জনকে আসামী করে পৃথক ৩টি মামলা দায়ের করেছে।
এদিকে মঙ্গলবার বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম ও পুলিশ সুপার নিজামুল হক মোল্যা আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময়ে তারা বলেন, নাশকতার জন্য যারা সুন্দরবনে আগুন লাগিয়েছে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে। সুন্দরবনে আগুন লাগার ঘটনায় এ নিয়ে গত এক মাসে ২ কর্মকর্তা সহ মোট ৪ জনকে বরখাস্ত করা হলো।