নির্বাচনের আগে লাইসেন্স করা সব ধরনের অস্ত্র জেলা প্রশাসনে জমা দেয়ার নিয়ম থাকলেও ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন প্রকাশ্যে তাদের লাইসেন্স করা শটগান ও পিস্তল নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। নৌকা ছাড়া অন্য প্রতীকের ভোট না দেয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে ওই ইউনিয়নে প্রার্থীর পাশে সারাক্ষণ শটগান নিয়ে দাঁড়িয়ে থাকছেন সাদা পাঞ্জাবি পরা এক লোক।
স্থানীয়রা জানিয়েছেন, আওয়ামী লীগের প্রার্থীর কাছে শটগান ছাড়াও তার লোকজনের কাছে পিস্তলসহ বিভিন্ন অস্ত্র রয়েছে। যা নিয়ে তারা প্রকাশ্যে ঘুরছেন এবং ভোটারদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এদিকে আওয়ামী লীগের প্রার্থীর প্রকাশ্যে অস্ত্র নিয়ে ভোটের মাঠে নামায় সাধারণ ভোটারসহ অন্য দলের প্রার্থীদের মধ্যে আতঙ্ক কাজ করছে।
এ ব্যাপারে মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থী মো. সোহাগ বলেন, আমার নির্বাচনী প্রচারে কয়েকজন আত্মীয়স্বজন এসেছে। তাদের একটি শটগান ও পিস্তল রয়েছে। তবে সেগুলো লাইসেন্স করা। নিজের নিরাপত্তার স্বার্থেই অস্ত্রগুলো তাদের সঙ্গে রেখেছে। তবে অস্ত্র নিয়ে কাউকে ভয়ভীতি দেখানো হচ্ছে না।
এ ব্যাপারে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, এমন অভিযোগ আমাদের কাছে নেই। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।