একরাম হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১০ মে

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার ৪০ আসামিকে ফেনী জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ আদালতে হাজির করা হয়েছে।
 
বুধবার মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য দিন থাকায় মামলায় ঘটনাস্থল একাডেমি এলাকার ২ জন দোকান কর্মচারী জাহিদ হোসেন রাব্বি ও মো. সোহেল আদালতে সাক্ষ্য প্রদান করেন। আগামী ১০ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণ করা হবে। মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে আদালতে হাজির করা হয়।
 
জানা যায়, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় গত বছর ২৮ আগস্ট  ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার ৪৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৬ জন হত্যাকাণ্ডে কোন না কোনভাবে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি ১২ জন আসামি এখনো পলাতক রয়েছেন। ৫৬ আসামির মধ্যে একমাত্র বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী ছাড়া অন্য সব আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
 
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামকে ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলায় যাওয়ার পথে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে, গুলি করে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে।