'খেলাধুলার উন্নতির লক্ষ্যে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বর্তমান সরকার দেশে খেলাধুলার মান বৃদ্ধি ও খেলার উন্নতির লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এ ছাড়া নতুন নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।'
 
প্রধানমন্ত্রী বুধবার জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের কাজী নাবিল আহমেদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন, '২০১৫-১৬ অর্থবছরে সরকার বিশেষ সহায়তার আওতায় ৩১টি খেলার ইভেন্টে তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে সংশ্লিষ্ট খেলায় প্রতিভাসম্পন্ন খেলোয়াড় খুঁজে বের করে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব হবে।'
 
খেলার মানোন্নয়নের কথা বলতে গিয়ে তিনি বলেন, 'দেশের বিদ্যমান প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এ স্টেডিয়াম হলে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত ও সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি হবে। মানসম্পন্ন খেলোয়াড় তৈরিসহ প্রশিক্ষণার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদের প্রশিক্ষক ও ক্রীড়া স্থাপনা সার্বক্ষণিকভাবে ব্যবহার উপযোগী রাখার প্রচেষ্টা করা হয়েছে।'
 
এছাড়া, জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন ক্রীড়া ফেডারেশন এবং জেলা ক্রীড়া সংস্থাসমূহ বিভিন্ন প্রতিযোগিতা ও প্রশিক্ষণ পরিচালনা করে থাকে বলেও প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে উল্লেখ করেছেন।
 
উক্ত প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা আরও বলেন, 'ক্রীড়া মান বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ও জেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিটি জেলা ক্রীড়া সংস্থাকে ক্রীড়া সামগ্রী ক্রয়ের জন্য ১ লাখ টাকা করে অনুদান দেয়া অব্যাহত রয়েছে।'।