'জঙ্গি-সন্ত্রাসীদের পরাজিত করাই প্রধান কর্তব্য'

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'জঙ্গি ও সন্ত্রাসীদের পরাজিত করাই এখন প্রধান রাজনৈতিক কর্তব্য। জাতীয় ঐক্যের পতাকা ঊর্ধ্বে তুলে জঙ্গিবাদ ধ্বংস করার এ জাতীয় সংগ্রামে আমাদের সামনে থাকতে হবে।'
 
তিনি বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শতাধিক নেতাকর্মীর বাংলাদেশের সাম্যবাদী দলে (মার্কসবাদী-লেনিনবাদী) যোগদান উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
 
বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে দলের পলিট ব্যুরোর সদস্য কমরেড লুৎফর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বাবুল বিশ্বাস, কমরেড মহিম উদ্দিন, কমরেড মাইনুল হক, নবযোগদানকৃত কমরেড ডা. দেলোয়ার, কমরেড সুলতান বিশ্বাস, অধ্যাপক কামরুল ইসলাম এবং অধ্যাপক মমিন উল্লাহ বক্তব্য রাখেন ।
 
জঙ্গিবিরোধী সংগ্রামে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, 'আগুনযুদ্ধে পরাজিত হবার পর গুপ্তহত্যার নতুন কৌশল গ্রহণ করা হয়েছে। গুপ্তহত্যা, জঙ্গি ষড়যন্ত্রের ঘটনা প্রমাণ করছে দেশের বিপদ এখনও কাটেনি।'
 
একটি বড় দল এখনো রাজাকার ও সন্ত্রাসী জামাতের সঙ্গে রাজনৈতিক চুক্তিতে আবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, 'সেজন্যই গুপ্তহত্যা ও জঙ্গি-সন্ত্রাসী ঘটনায় তারা সন্দেহের তালিকাভুক্ত। এই জঙ্গিবাদ-মৌলবাদ-সাম্প্রদায়িকতাকে পরাজিত করার সংগ্রামের মধ্যেই শ্রমিক-গরিব শ্রেণির সংগ্রাম এগিয়ে নিতে হবে।'