আগামী জুন ও জুলাই মাসে ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরো ২০১৬ ফুটবল আসরটি ইসলামী জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাসী হামলার হুমকিতে রয়েছে বলে মঙ্গলবার সতর্ক করে দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটির কেবিনেট বৈঠকের একদিন আগে ফ্রান্সে আরেক দফা জরুরি অবস্থা ঘোষণার জন্য উপস্থাপনের পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বার্নার্ড ক্যাজেনিওভে একথা বলেন।
গত নভেম্বরে প্যারিসে ইসলামী স্টেট (আইএস) জঙ্গিদের অতর্কিত হামলায় ১৩০ ব্যক্তি নিহত হয়। এমন পরিস্থিতিতে টুর্নামেন্টের ফ্যান জোনের নিরাপত্তায় গত সপ্তাহে দ্বিগুণ বাজেট বরাদ্দের ঘোষণা দিয়েছে ফরাসী সরকার। ফ্রান্সের ১০টি আয়োজক শহরের আট মিলিয়নেরও বেশী সমর্থক সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে।
নভেম্বরের সন্ত্রাসী হামলার পর গোটা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। তিন আত্মঘাতী বোমা হামলাকারী ফ্রান্স ও জার্মানির মধ্যকার একটি আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচ চলাকালে স্টাডে দ্য ফ্রান্সের বাইরে বোমা হামলাটি চালিয়েছিল। সিনেট কমিটিকে ক্যাজেনিওভে বলেন, আন্তর্জাতিক এই বিশাল উৎসবটি কিছুটা ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ হামলাকারীরা এখনো আমাদের দেশকে লক্ষ্য বস্তুতে রেখেছে। আমি অবশ্য এই হুমকিকে উপড়ে ফেলার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে চাই।
গত সপ্তাহে অবশ্য দেশটির ক্রীড়া মন্ত্রী প্যাট্রিক ক্যানের বলেছিলেন, ‘ফ্যান জোনের নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। পুলিশি দৃষ্টিকোণ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হবে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাড়তি ১০ হাজার সেনা সদস্যও মোতায়েন করা হবে। যেটি আমাদের দেশের ক্রীড়া উৎসবে অতীতে কখনো দেখা যায়নি। এএফপি।