জাতীয় দলের প্রধান কোচ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রথম পছন্দ অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান স্টুয়ার্ট ল। এর আগে শ্রীলংকা ও বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ল।
গতকাল লাহোরে বোর্ড অব গভর্নরসের বৈঠকে দলের প্রধান কোচ পদে প্রথম পছন্দ হিসেবে ল’কে নিশ্চিত করা হয়েছে। তার ব্যাক-আপ হিসেবে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার অ্যান্ডি মোলসকে। বর্তমানে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন ল। আগামী জুলাই-আগস্টে শ্রীলংকা সফরের জন্য অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দেয়া ল পিসিবি নির্ধারিত ২৫ এপ্রিলের মধ্যে আবেদন করেন।
উপমহাদেশের মাটিতে বাংলাদেশ ও শ্রীলংকা দলের জাতীয় কোচ হিসেবেও সাফল্য পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এ ব্যাটসম্যান। খেলোয়াড়ি জীবনে মাত্র একটি টেস্ট ও ৫৪টি ওয়ানডে খেলা ল অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ড ও ইংলিশ কাউন্টিতে এসেক্স ও ল্যাঙ্কাশায়ারের কোচ হিসেবে বেশ সাফল্য পেয়েছেন।
পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান যদিও প্রধান কোচ হিসেবে ল’র নাম প্রকাশ করেননি। তবে বোর্ড অব গভর্নরসের এক সদস্য ল-কে পছন্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন। ঐ সদস্য বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘কোচ হিসেবে ল আগে থেকেই বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতিবদ্ধ। তাই সে বিষয়টি বিবেচনায় রেখে তার ব্যাক-আপ হিসেবে পিসিবি সংক্ষিপ্ত তালিকায় মোলসের নাম রেখেছে।
তবে বোর্ড অব গভর্নরস নতুন কোচ নির্বাচন সেরে ফেলেছে এবং তার সঙ্গে আলোচনা শেষে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে বলে জানান খান। তিনি বলেন, যেহেতু প্রার্থীদের সঙ্গে আমরা এখনো আলোচনা করছি তাই চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত এই মুহূর্তে কোন নাম আমরা ঘোষণা করতে চাই না। বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপ ও ভারতে অনুষ্ঠিত বিশ্ব টি টোয়েন্টিতে দলের হতাশাজনক পারফরমেন্সের পর গত মাসে ওয়াকার ইউনিস পদত্যাগ করলে পাকিস্তান দলের প্রধান কোচের পদটি শূন্য হয়। পিটিআই।