‘প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির জন্যে প্রণীত পাঠ্যপুস্তক থেকে ইসলামি ভাবধারার মুসলিম লেখকদের প্রবন্ধ ও গল্প-কবিতা বাদ দিয়ে নাস্তিক্যবাদী ও ব্রাহ্মণ্যবাদী ভাবাদর্শের রচনা, গল্প ও কবিতা’ যুক্ত করা হয়েছে উল্লেখ করে এগুলো বাতিলের দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট।
তারা বলেছে, দাবি না মানা পর্যন্ত সভা-সমাবেশ, মিছিল, স্মারকলিপি পেশ ও গণসংযোগ প্রভৃতি কর্মসূচির মাধ্যমে ইসলামী ঐক্যজোট দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে।
বুধবার রাজধানীর লালবাগে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এরকম দাবি জানান দলটির চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা আব্দুল লতিফ নেজামী বলেন, জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির জন্যে বাংলাদেশ টেক্সট বুক বোর্ড প্রণীত পাঠ্যপুস্তক থেকে ইসলামি ভাবধারার মুসলিম লেখকদের প্রবন্ধ ও গল্প-কবিতা বাদ দিয়ে নাস্তিক্যবাদী, ব্রাহ্মণ্যবাদী, বিধর্মীয় ভাবাদর্শের রচনা, গল্প ও কবিতা যুক্ত করা হয়েছে।
আব্দুল লতিফ নেজামী বলেন, পঞ্চম শ্রেণির পাঠ্য বই থেকে মহানবী (স.) জীবনী, কাজী কাদের নেওয়াজের ‘শিক্ষা গুরুর মর্যাদা’ কবিতা, ‘শহীদ তিতুমীর’ নামক একটি জীবনীর বদলে সংযুক্ত করা হয়েছে হুমায়ূন আজাদের লেখা ‘বই’ কবিতা। তার মতে, কবিতাটি কোরআন বিরোধী বলে পরিচিত।
আব্দুল লতিফ নেজামী ধর্মীয় পটভূমিকে স্মরণে রেখে স্কুল, কলেজ ও মাদ্রাসার সিলেবাস প্রণয়নের দাবি জানাচ্ছি। আগামী শিক্ষা বর্ষের জন্যে প্রকাশিতব্য পাঠ্যপুস্তকে ইসলামি ভাবধারার মুসলিম লেখকদের প্রবন্ধ-নিবন্ধ ও গল্প-কবিতা সংযোজনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী, জুবায়ের আহমদ, জসিম উদ্দিন, সাখাওয়াত হোসেন, মুফতি ওয়াসেল, আলতাফ হোসেন প্রমুখ।