বাকি রইল শুধু ক্যালিফোর্নিয়ার প্রাইমারি নির্বাচন। কিন্তু তার আগেই রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদ প্রার্থী হিসেবে এক প্রকার নির্বাচিত হয়ে গেছেন নিউ ইয়র্কের ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্পের দাপুটে জয়ের পর প্রচারণায় ইতি টেনে মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ান মূল প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ। অবশেষে ট্রাম্পের অপর প্রতিদ্বন্দ্বী ওহাইয়োর গভর্নর জন কাসিচও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে এনবিসি নিউজ।
কাসিচের প্রচার শিবিরের দায়িত্বশীল নেতাদের উদ্ধৃত করে এ কথা জানানো হয়। প্রাইমারিতে কেবল নিজের রাজ্যেই জেতা সাবেক সিনেটর কাসিচ অন্য দুই প্রতিদ্বন্দ্বী ট্রাম্প ও ক্রুজ থেকে অনেক পিছিয়ে ছিলেন। ক্রুজ ও কাসিচ সরে দাঁড়ানোর ফলে আসছে নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে ট্রাম্প ছাড়া আর কেউ রইলেন না।
'ট্রাম্পের প্রচারণা রাজনৈতিকভাবে ব্যর্থ হবে' - রাজনৈতিক বিশ্লেষকদের এমন ধারণা বারবার ব্যর্থ করে দিয়েছেন রাজনীতিতে অনভিজ্ঞ এই ব্যবসায়ী। এখন তিনি অনেকটা নিশ্চিন্তে ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাব্য ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে মোকাবেলার প্রস্তুতি নিতে পারেন।
ইন্ডিয়ানা জয়ের পর নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে এক সমাবেশে মাইকে ব্যান্ড দল রোলিং স্টোনের ‘স্টার্ট মি আপ’ গান বাজিয়ে স্ত্রী মেলানিয়া ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে হাঁটেন ট্রাম্প। সমাবেশে ইন্ডিয়ানার জয়কে 'বিশাল বিজয়' বলে অভিহিত করে তাৎক্ষণিকভাবে হিলারির দিকে বাণ ছুঁড়তে শুরু করেন ট্রাম্প। তিনি বলেন, 'এবার আমাদের হিলারি ক্লিনটনকে ধরা দরকার। তিনি মহান প্রেসিডেন্ট হতে পারবে না, তিনি ভাল প্রেসিডেন্টও হতে পারবেন না, তিনি পারবেন দুর্বল একজন প্রেসিডেন্ট হতে।'
উল্লেখ্য, ৭ জুন ক্যালিফোর্নিয়ার প্রাইমারির পর ট্রাম্প দলীয় মনোনয়নের দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন বলে মনে করা হচ্ছে। বিডি নিউজ।